দুপুরের মধ্যে ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা
দেশের বিভিন্ন অঞ্চলে আজ দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, কয়েকটি এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
সোমবার (১৭ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরসংক্রান্ত পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে। এসব এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝড়ো হাওয়ার সঙ্গে এসব অঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। ফলে নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দক্ষিণ ও মধ্যাঞ্চলের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রবৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সময় খোলা জায়গা ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়ার এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দর ও নৌযান চলাচলকারীদের আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন