Views Bangladesh Logo

দুপুরের মধ্যে ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আজ দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে ১৪টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২১ জুন) সকালে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়, দুপুর ১টার মধ্যে রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসব এলাকার কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। বৈরী আবহাওয়ার সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী বা জলাশয়ের আশপাশে অবস্থান না করা এবং নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন।

বর্ষাকালের সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হলে পরবর্তী সময়ে নতুন সতর্কবার্তা জারি করা হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ