Views Bangladesh Logo

দেশের ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে এসব এলাকার নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের তিন বিভাগে টানা তিনদিন মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। বর্তমানে উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সম্ভাব্য ভারী বর্ষণ ও বজ্রপাতের কারণে সংশ্লিষ্ট অঞ্চলের কৃষিজীবী ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা, গাছের নিচে কিংবা বৈদ্যুতিক খুঁটির আশপাশে অবস্থান না করতে অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ