হবিগঞ্জে তিন যানবাহনের সংঘর্ষে প্রাণ গেল দুজনের
হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার বেজুরা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) এবং পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১টার দিকে বেজুরা সেতুর ওপর তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর গিয়ে পড়ে।
এতে বালুবাহী ট্রাকের হেলপার রিপন মিয়া এবং অটোরিকশার যাত্রী আবুল খায়ের গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা দুর্ঘটনাকবলিত যানবাহন থেকে হতাহতদের উদ্ধার করেন। পরে নিহতদের মরদেহ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের মরদেহ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত দিন