আজ থেকে কাপ্তাই হ্রদে তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা
কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি এবং হ্রদের পরিবেশগত ভারসাম্য রক্ষায় তিন মাসের জন্য মাছ আহরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ শুক্রবার থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতি বছর কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে এবং হ্রদে অবমুক্ত পোনা মাছের সঠিক বৃদ্ধি বজায় রাখতে ডিম ছাড়ার মৌসুমে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। কাপ্তাই হ্রদ দেশের কার্প জাতীয় মাছের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজনন ক্ষেত্র হিসেবে বিবেচিত।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি অঞ্চলের সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা চলাকালে মাছ শিকার বন্ধ রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি হ্রদের আশপাশের বরফকলগুলোও বন্ধ থাকবে।
বিএফডিসি রাঙামাটি অঞ্চলের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ২৬ হাজার ৮৪৫টি জেলে পরিবারকে মানবিক সহায়তা দেওয়া হবে। প্রতিটি পরিবার দুই মাসে ৪০ কেজি করে মোট ১ হাজার ৭৩ মেট্রিক টন চাল পাবে, যা আগামী ২ মে থেকে বিতরণ শুরু হবে। একই দিনে হ্রদে কার্প জাতীয় মাছের পোনাও অবমুক্ত করা হবে।
কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, মাছের প্রজনন ও পরিবেশ রক্ষার স্বার্থে এ সময় মাছ আহরণ সম্পূর্ণ বন্ধ থাকবে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ-পুলিশ ও বিএফডিসির সমন্বয়ে নিয়মিত টহল পরিচালনা করা হবে। গুরুত্বপূর্ণ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হবে এবং ভ্রাম্যমাণ আদালতও সক্রিয় থাকবে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে