Views Bangladesh Logo

রাবিতে মারামারির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে কৃষি অনুষদের সাবেক ডিন ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামকে। কমিটির অন্য দুই সদস্য হলেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আরিফুল ইসলাম এবং ভূমি ও আইন প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহাল উদ্দিন।

কমিটিকে সংঘর্ষের ঘটনা তদন্ত করে এতে জড়িতদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, সংঘর্ষে রসায়ন বিভাগের ফেরদৌস হাসানসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বিরোধের সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হন। তাদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পেছনে এবং দুই বিভাগের অ্যাকাডেমিক ভবনে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ