ফেন্সিং প্রশিক্ষকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
ফেন্সিং প্রশিক্ষকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপী ‘লং টার্ম অ্যাথলেট ডেভেলপমেন্ট (এলটিএডি)’ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ভবনের নিচতলার মিডিয়া সেন্টারে কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র থেকে আইসিইসিপি প্রশিক্ষণ নিয়ে আসা বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের জাতীয় প্রশিক্ষক মো. মনির হোসেনের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ পরিচালিত হয়। এতে দেশের বিভিন্ন ফেন্সিং ক্লাবের ২০ জন প্রশিক্ষক অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী সাইফুল হক, কার্যনির্বাহী সদস্য মো. ইয়াছিন আরাফাত (জিকু) ও সৈয়দ রিয়াদ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফেন্সিং ফেডারেশন (এফআইই) স্বীকৃত বাংলাদেশের প্রথম সার্টিফায়েড রেফারি তানভীর হোসেন এবং বাংলাদেশে ফেন্সিং খেলা পরিচালনা কমিটির টেকনিক্যাল ডিরেক্টর মেহেদী হাসান।
প্রশিক্ষণে ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদি উন্নয়ন, বয়সভিত্তিক প্রশিক্ষণ পরিকল্পনা, শারীরিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ দেশের ফেন্সিং অঙ্গনে দক্ষ প্রশিক্ষক তৈরির পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত দিন