হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের তানভীর এবং একই গ্রামের আবিদুল লস্কর (৩২)। আহতরা হলেন, চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) ও গোছাপাড়া গ্রামের মিজান মিয়া (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলা তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুই আহতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেটে পাঠানো হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
মতামত দিন