পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহারে থানচিতে ১০ দিনে বহিষ্কার ৩ গাইড
বান্দরবানের থানচিতে প্রশাসনের নির্দেশনা না মানা ও পর্যটকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে নিবন্ধিত এক পর্যটক গাইডকে বহিষ্কার করেছে উপজেলা প্রশাসন। এ নিয়ে চলতি মাসের প্রথম ১০ দিনে থানচিতে তিনজন গাইডের বিরুদ্ধে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হলো।
সোমবার উপজেলা প্রশাসনের জারি করা এক অফিস আদেশে সর্বশেষ গাইড সাশৈথোয়াই মারমাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। তিনি থানচি উপজেলা প্রশাসনের অনুমোদিত পর্যটক গাইড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রশাসনের আদেশে বলা হয়েছে, গত ৮ আগস্ট থানচির পর্যটন তথ্যসেবা কেন্দ্রের সামনে পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে সাশৈথোয়াই মারমার বিরুদ্ধে। একই সঙ্গে প্রশাসনের নির্ধারিত নিয়ম অমান্য করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে পর্যটক গাইডের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আর-ফয়সাল স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনিক, আইনশৃঙ্খলা ও পর্যটনসংশ্লিষ্ট দপ্তর এবং সংগঠনগুলোকে এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়েছে।
এর আগে গত ২ আগস্ট একজন এবং ৬ আগস্ট আরও দুজন গাইডকে বহিষ্কার করা হয়। ফলে চলতি মাসে এখন পর্যন্ত মোট তিনজন নিবন্ধিত পর্যটক গাইড প্রশাসনিক শাস্তির মুখে পড়লেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আর-ফয়সাল বলেন, থানচির পর্যটন খাতকে নিরাপদ, সুশৃঙ্খল ও পর্যটকবান্ধব রাখতে নিবন্ধিত গাইডদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া, আচরণবিধি সম্পর্কে তাঁদের সচেতন করা এবং কোনো অনিয়ম হলে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি।
বান্দরবানের থানচি দেশের অন্যতম পর্যটনকেন্দ্রিক পাহাড়ি এলাকা। পাহাড়, ঝরনা, খুম, নদী ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা সেখানে ভিড় করেন। তাঁদের নিরাপত্তা, সঠিক পথনির্দেশনা ও ভ্রমণের অভিজ্ঞতা ভালো রাখার ক্ষেত্রে স্থানীয় নিবন্ধিত গাইডদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মতামত দিন