পাবনায় কলা চুরির অভিযোগে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতন
পাবনার ঈশ্বরদীতে কলাবাগান থেকে কলা চুরির অভিযোগে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুবলচারা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরকে উদ্ধার করে।
নির্যাতনের শিকার তিন কিশোর ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামের বাসিন্দা এবং তারা স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ জানায়, তিন কিশোর দাশুড়িয়া এলাকায় প্রাইভেট পড়া শেষে অটোরিকশায় করে দুবলচারা এলাকায় ঘুরতে যায়। এ সময় তারা বাজি ধরে একটি কলাবাগান থেকে কিছু কলা চুরি করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন যুবক তাদের আটক করে গাছে বেঁধে রাখে। পরে তাদের বেঁধে রাখার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঈশ্বরদী থানা পুলিশের এসআই বিজন কুমার সরকার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। উপস্থিত কেউই অভিযুক্তদের পরিচয় জানায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় তদন্ত প্রক্রিয়া কিছুটা জটিল হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে