ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের দৃশ্য ধারণ করা একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গত মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ওই তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার (৫ আগস্ট) অভিযুক্ত ওই তিন কিশোরকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে একদল কিশোর। উপজেলার কাচিয়া ইউনিয়নের একটি বাগানে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
পুলিশ জানায়, এ সময় ধর্ষণের পুরো ভিডিও ধারণ করে অপরাধীরা।
গত মঙ্গলবার ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় এবং ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মামলা দায়েরের পরপরই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুটিকে শারীরিক পরীক্ষা ও ফরেনসিক আলামত সংগ্রহের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে । পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মতামত দিন