টেকনোক্র্যাটে মন্ত্রী হচ্ছেন তিনজন
বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় তিনজনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তারা হলেন- ড. খলিলুর রহমান, মোহাম্মদ আমিন উর রশীদ এবং আমিনুল হক। ইতোমধ্যে তারা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটেটিভ হিসেবে দায়িত্ব পালনকারী ড. খলিলুর রহমান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। দায়িত্ব ছাড়ার পর তাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ কূটনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার কারণে নীতিনির্ধারণী পর্যায়ে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।
অন্যদিকে কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উর রশীদও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। তিনি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী নির্বাচনগুলোতে অংশ নিলেও জয়ী হননি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি।
এ ছাড়া দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে শপথের ডাক পেয়েছেন। একটি ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। তবে তিনি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে পরাজিত হন। নির্বাচনে পরাজিত হলেও তাকে মন্ত্রিসভায় নেওয়ার বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল।
শুরু থেকেই টেকনোক্র্যাট কোটায় ক্রীড়ামন্ত্রী হিসেবে আমিনুল হকের নাম আলোচনায় ছিল। শেষ পর্যন্ত ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব জাতীয় দলের সাবেক এই অধিনায়কের হাতেই যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সরকার প্রশাসনিক দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে টেকনোক্র্যাট কোটায় এ তিনজনকে অন্তর্ভুক্ত করছে বলে জানা গেছে। শপথের পর তাদের দায়িত্ব বণ্টন বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে