তিন বোনের একসঙ্গে ভোট, আলোচনায় গুলশান কেন্দ্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে চলছে ভোটগ্রহণ। উৎসবমুখর এই পরিবেশে সাধারণ ভোটারদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও অংশ নিচ্ছেন ভোটাধিকার প্রয়োগে।
আজ দুপুরে রাজধানীর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে, ঢাকা-১৭ আসনে নিজেদের ভোট দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় তিন অভিনেত্রী ও আপন তিন বোন—সুচন্দা, ববিতা ও চম্পা। ভোট দিতে এসে তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তারা বলেন, ভোট দেওয়া একজন নাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাই সবাইকে সচেতনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করা উচিত।
বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এই তিন অভিনেত্রী দীর্ঘদিন ধরে দর্শকদের ভালোবাসায় সিক্ত। পর্দায় আলাদা পরিচয়ে জনপ্রিয়তা পেলেও বাস্তব জীবনে তারা দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেদের ভূমিকা রাখছেন। নির্বাচন ঘিরে সাধারণ মানুষের আগ্রহের পাশাপাশি তারকাদের অংশগ্রহণ ভোটারদের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে