Views Bangladesh Logo

জয়পুরহাট সীমান্তে ‘পুশ-ইন’ হওয়া তিনজন নিখোঁজ

জয়পুরহাট সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ‘পুশ-ইন’ করার চেষ্টা করা তিন ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তাদের পরিণতি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (১১ জুলাই) ভোরে অন্ধকারে পাঁচজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি তিনজনকে স্থানীয়রা আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেন।

নিখোঁজ তিনজন হলেন শেখ হাফিজুর রহমান, নাসিমা বেগম ও শেফালি বেগম।

বিজিবি তাদের সীমান্তের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) নিয়ে পাহারায় রাখে এবং বিষয়টি বিএসএফকে জানায়। তবে রোববার (১২ জুলাই) সকালে দেখা যায়, তারা আর সেখানে নেই।

ঘটনার খবর পেয়ে হাফিজুর রহমান ও নাসিমা বেগমের স্বজনরা সীমান্তে গেলেও তাদের সঙ্গে দেখা করতে পারেননি। বিজিবি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয় বলে জানা গেছে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন জানান, রাতের কোনো এক সময় বিএসএফ ওই তিনজনকে নিয়ে গেছে। বর্তমানে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ