Views Bangladesh Logo

শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লছনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। অপর দুজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে ঢাকার মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘আলম এশিয়া পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির তিন যাত্রী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভীদ রাইয়ান বিন শহিদ বলেন, ‘রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।’

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বর্তমানে মরদেহগুলো শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ