চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৬টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর বাদুড়তলা গ্রামের মো. ভিকু মণ্ডলের স্ত্রী হাসিনা বেগম, তাঁর নাতনি লক্ষ্মীপুর হাজিপাড়া গ্রামের রবিউল ইসলাম বাবুর মেয়ে মোসা. মীম খাতুন (১৩) এবং তাঁর ভাতিজি রাজশাহী জেলার তানোর থানার ৩ নম্বর পাঁচন্দর ইউনিয়নের কচুয়া মোহনপুর গ্রামের এরশাদ আলীর মেয়ে মোসা. আশা খাতুন (৩০)।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির ছাদে ওঠার জন্য উঠানে থাকা লোহার সিঁড়িতে হাত দেন হাসিনা বেগম। কিন্তু বৈদ্যুতিক ত্রুটির কারণে আগে থেকেই সিঁড়িটি বিদ্যুতায়িত হয়ে ছিল। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার নাতনি মীম ও ভাতিজি আশা। ফলে তারা দুজনও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
তবে এ সময় নিহত হাসিনা বেগমের ছেলে রিফাত ঘরে ঘুমিয়ে থাকায় তিনি বেঁচে যান। এ ছাড়া কৃষি কাজের জন্য খুব সকালেই মাঠের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলেন তাঁর স্বামী ভিকু মণ্ডল, যার ফলে তিনিও রক্ষা পান।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আরিফুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদনসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মতামত দিন