Views Bangladesh Logo

ওমরাহ পালনে যাওয়ার পথে সৌদিতে দুর্ঘটনা, ফরিদপুরের একই পরিবারের তিনজন নিহত

ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। আহত হয়েছেন তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন ও তাদের বড় ছেলে নাবিল।

স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে পরিবারটি সৌদি আরবে বসবাস করছিল। বৃহস্পতিবার সকালে পরিবারের পাঁচ সদস্য একটি ব্যক্তিগত গাড়িতে করে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা হন। পথিমধ্যে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর তাদের গাড়ির পেছনে একটি ভারী যানবাহন ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তানিয়া, তাসবিক ও জারার মৃত্যু হয়। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তানিয়ার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন। নিহতের ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ বলেন, তার ভগ্নিপতি শফিকুল ইসলাম খোকন ও ভাগনে নাবিল চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। নিহতদের মরদেহ দেশে আনা হবে নাকি সৌদি আরবেই দাফন করা হবে, সে বিষয়ে পরিবারের সদস্যরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুর খবরে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ