রাষ্ট্রপতি নির্বাচনে ইসিতে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র
আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচন কমিশনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ইসি সচিব জানান, জমা পড়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং বাকি দুটি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে দাখিল করা হয়েছে। এর আগে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেয়। মির্জা ফখরুলের মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন ড. মঈন খান।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁর পক্ষে দুটি পৃথক মনোনয়নপত্র জমা পড়েছে। ফলে মনোনয়নপত্রের সংখ্যা তিন হলেও রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আপাতত দুজনের নাম রয়েছে।
এর আগে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সেই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হবে। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের আনুষ্ঠানিকতা শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা নির্ধারিত হবে।
মতামত দিন