Views Bangladesh Logo

স্কুলের খাবারের মান তদারকিতে থাকবেন তিনজন মা: ববি হাজ্জাজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এসব খাবারের মান নিশ্চিতে প্রতিটি স্কুলের তদারকি কমিটিতে অন্তত তিনজন মাকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রাজধানীর বেইলি রোডে গাইড অডিটোরিয়ামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নীল কমল অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটি স্কুলে পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা সরকার করছে।’

অনুষ্ঠানে দেশব্যাপী ১০টি অঞ্চল থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা ৬টি অঞ্চলের ৫৭ জন ‘হলদে পাখি’কে (৬ থেকে ১০ বছর বয়সী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী) তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মেডেল, ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘আমি আজকে আমাদের মেয়েশিশু বা হলদে পাখিদের মাঝে নেই, আমি আগামীর বাংলাদেশের নেতাদের মাঝে আছি।’

গার্ল গাইডের শতাধিক বছরের ইতিহাস ও অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী যেন আমাদের শিক্ষার্থীরা নেতৃত্ব দেওয়ার জায়গায় পৌঁছায়, সেই লক্ষ্যেই নতুন সরকার কাজ করছে।’

শিক্ষার্থীরা যেন ছোটবেলা থেকেই নাগরিক দায়িত্ব, নৈতিকতা ও নেতৃত্বের শিক্ষা পায়, সেজন্য পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের গার্ল গাইডেও আসতে হবে না, তারা পাঠ্যক্রম থেকেই শিখবে।’ পাশাপাশি কারিকুলামে পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধের বিষয়ও যুক্ত করার কথা জানান তিনি।

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) অধ্যাপক ইয়াসমিন আহমেদ। সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ