Views Bangladesh Logo

হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৫ জনে।

বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেটে ১০৭ জন, রাজশাহীতে ৯১ জন, ময়মনসিংহে ৬৯ জন, চট্টগ্রামে ৬১ জন, বরিশালে ৪৪ জন, খুলনায় ৩২ জন এবং রংপুর বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৯৬ জন রোগী এসেছেন। তাদের মধ্যে ৯২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে আসা সব রোগীর নমুনা পরীক্ষা করা হয় না। ফলে নিশ্চিত আক্রান্তের সংখ্যা দিয়ে রোগটির প্রকৃত বিস্তার পুরোপুরি প্রতিফলিত হয় না।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৬ হাজার ৫৪০ জন হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আর পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের মাধ্যমে ১৫ হাজার ৭৩৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ