হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
দেশে হামের প্রকোপে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হাম বুলেটিন অনুযায়ী, মৃতদের মধ্যে ৯৫ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছিল। বাকি ৭৩৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ৩২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ১০৭ জন, রাজশাহীতে ৯১ জন, ময়মনসিংহে ৬৯ জন, চট্টগ্রামে ৫৯ জন, বরিশালে ৪৪ জন, খুলনায় ৩২ জন এবং রংপুর বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৯৯ জন চিকিৎসা নিতে যান, যার মধ্যে ৭৮৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩৩ জন, চট্টগ্রামে ২১৫ জন, বরিশালে ১৩০ জন, সিলেটে ৭৭ জন, ময়মনসিংহে ৪৫ জন, খুলনায় ৪৩ জন, রাজশাহীতে ৩১ জন এবং রংপুরে ১৩ জন রয়েছেন।
এ পর্যন্ত দেশে হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৪৪১ জন। তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছরের শুরু থেকে দেশে হামের প্রকোপ দেখা দিলেও ফেব্রুয়ারির শেষ দিকে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। পরে ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর রোগটি নিয়ে নিয়মিত তথ্য ও পরিসংখ্যান প্রকাশ শুরু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০০৫ সালে বাংলাদেশে ২৫ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়েছিল।
মতামত দিন