দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন, খুলনা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২৬ জন এবং রংপুর বিভাগে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯৯৪ জন।
এদিকে, চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাই মাসেই এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।
মতামত দিন