হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৪৫
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০২ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আরও ৯৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জনে।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১০৬ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০ জনে।
এছাড়া একই সময়ে আরও ৭৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।
মতামত দিন