হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত বা হামের উপসর্গ দেখা গেছে আরও ৭৮৬ জনের।
শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতিবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হলেও তাদের কারও মৃত্যু এখন পর্যন্ত পরীক্ষায় হামজনিত বলে নিশ্চিত হয়নি। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট ৭৫৩ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ৮৪ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৭০২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ১০ হাজার ৬০১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১৩ হাজার ৪১০ জনের শরীরে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে মোট ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৯ হাজার ৭৬২ জন।
মতামত দিন