হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে এই তিন শিশুর মৃত্যু হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৪৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫।
অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৫৯ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১২ হাজার ৭৯১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯ হাজার ৭৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৬ হাজার ৬২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। হামের উপসর্গে মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন ঢাকা বিভাগের, আর রাজশাহী ও সিলেট বিভাগের একজন করে।
মতামত দিন