Views Bangladesh Logo

সৌদিতে হজ পালন করতে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) হজ বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হজ বুলেটিনের তথ্যানুযায়ী, নতুন এই তিনজনের মৃত্যুর ফলে চলতি বছর সৌদি আরবে এখন পর্যন্ত মোট ৩০ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন, যাদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।

সর্বশেষ মারা যাওয়া তিন হজযাত্রী হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুরের মো. আবদুর রহমান এবং নরসিংদীর রায়পুরার মো. হারুন-উর রশীদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তিনজনই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

এদিকে, আজ ৯ জিলহজ (মঙ্গলবার) পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালন করছেন লাখো ধর্মপ্রাণ মুসলমান। আরাফাতের ময়দান এখন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত। ফজরের নামাজের পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০ লাখের বেশি মুসল্লি আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন।


এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী হজে অংশ নিয়েছেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন সৌদি আরবে গেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ