Views Bangladesh Logo

জঙ্গল ছলিমপুরে র‍্যাব সদস্য নিহতের ঘটনায় গ্রেপ্তার আরও ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে র‍্যাব সদস্য নিহতের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. পারভেজ (৩৫), মো. বেলাল (৩০) ও সাইদুল ইসলাম (২৬)। র‍্যাব জানিয়েছে, তারা তিনজনই এজাহারভুক্ত আসামি।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, শুক্রবার নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রাম এলাকা থেকে পারভেজকে গ্রেপ্তার করা হয়।

একই দিন চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে বেলাল এবং বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে সাইদুলকে গ্রেপ্তার করা হয়।

গত ১৯ জানুয়ারি র‍্যাবের একটি দল জঙ্গল ছলিমপুরে অভিযানে গেলে স্থানীয়দের হামলায় র‍্যাব সদস্যরা আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর নায়েক সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় র‍্যাব-৭ সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখসহ আরও ১৫০ থেকে ২০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অভিযান ও গ্রেপ্তার কার্যক্রমে মোট ২০ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ১৩ জনকে র‍্যাব এবং ৭ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর প্রায় ৩ হাজার ১০০ একর খাস জমি জুড়ে বিস্তৃত একটি পাহাড়ি ও ঘনবসতিপূর্ণ এলাকা, যা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ