প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন যে ৩ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালনকারীদের নতুন তালিকা প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর কার্যালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য তিন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনটি পরে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা হিসেবে প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রমের দায়িত্ব নির্দিষ্ট মন্ত্রীরা পালন করবেন। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে প্রজ্ঞাপনে নির্ধারিত বিকল্প মন্ত্রী বা প্রতিমন্ত্রী ওই দায়িত্ব পালন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় দায়িত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন তিন মন্ত্রী। তারা হলেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এ ছাড়া অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে বিকল্প হিসেবে যাদের রাখা হয়েছে, তারা হলেন—
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: মন্ত্রী ড. আবদুল মঈন খানের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
খাদ্য মন্ত্রণালয়: মন্ত্রী আফরোজা খানমের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: মন্ত্রী আন্দালিব রহমানের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী সাচিং প্রুর অনুপস্থিতিতেও দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে জারি করা প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
মতামত দিন