বাস-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত, মারা গেছে সাতটি গরুও
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুবোঝাই পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনায় সাতটি গরুরও মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকাল ৩টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের সুখিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন বিল্লাল হোসেন (৩৫), আবু সাইদ (৩৯) ও আবদুস ছোবহান (৩৯)। তাদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামে। তারা সবাই গরুবোঝাই পিকআপে ছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে বাসচালকের সহযোগী রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের। বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জে যাচ্ছিল, আর পিকআপটি গরু নিয়ে বিপরীত দিক থেকে কিশোরগঞ্জ হয়ে নরসিংদীর পথে ছিল। সুখিয়াবাজারে ব্র্যাক ব্যাংকের সামনের সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘বাস ও গরুবোঝাই পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে তিন জন নিহত হয়েছেন। কয়েকটি গরু মারা গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মতামত দিন