ক্যালিফোর্নিয়ায় গুলিবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) রাতের এ ঘটনায় একজনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। আলামেডা পুলিশ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এবিসি।
ফেসবুকে দেয়া এক বিবৃতিতে আলামেডা পুলিশ বিভাগ জানায়, একজন ব্যক্তি ফোন দিয়ে আলামেডা পুলিশকে জানিয়েছিলেন যে, তাদের প্রতিবেশীকে আলামেডা শহরের কিটি হক রোডের ৪০০ নম্বর ব্লকের একটি বাড়িতে গুলি করা হয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছানোর পর গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে সনাক্ত করে পুলিশ কর্মকর্তারা। এ ছাড়াও বাড়িটিতে অভিযান চালানোর সময় বন্দুকের গুলিতে আহত হয়েছেন, পরিবারের এমন একাধিক সদস্যকে সনাক্ত করে কর্মকর্তারা।
বিবৃতিতে আরও জানানো হয়, এ ঘটনায় ফোনকারী ব্যক্তিকে পুলিশের হেফাজত নেয়া হয়েছে। তবে গুলি চালানোর কারণ জানাতে পারেনি তারা।
আলামেডা পুলিশ বলেছে, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গুলিবিদ্ধ তিনজন বেঁচে নেই এবং পরিবারের অন্যান্য সদস্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
তারা জানায়, এ ঘটনায় জনসাধারণের জন্য কোনো হুমকি রয়েছে, এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে