বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
সোমবার(৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাঘা থেকে লালপুরগামী আঞ্চলিক মহাসড়কে চন্ডিপুর বাজারের পূর্ব পাশের মো. রিয়াদ আলী ডাক্তারের বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে নিহত হন লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার শরিফুল ইসলাম (৪২), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান মিস্ত্রী (৪৫), এবং একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।
আহতরা হলেন- আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল ইসলাম তাদের অবস্থা আশংকা জনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজিচালক তিনিসহ পাঁচজন যাত্রী নিয়ে বাঘায় যাচ্ছিলেন। সিএনজি বাঘা-লালপুর সড়কের চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা ভটভটির মখোমুখি সংঘর্ষ হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, লালপুর থেকে একটি সিএনজি করে পাঁচ যাত্রী নিয়ে বাঘার দিকে যাচ্ছিল। সকাল ৭টার দিকে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতদের লাশ এবং দুর্ঘটনা কবলিত সিএনজি ও ভটভটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত রোকেনা বেগমের লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যান। দুটি লাশ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে