মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজারের শেষ প্রান্ত ও মৌলভীবাজার শহরের প্রবেশমুখে শাহপুর সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফ জানান, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে