গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা বেদেপল্লীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার সিন্দায়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী (২০)।
গোপালগঞ্জ সদর থানাধীন বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, অচিন্ত্য কুন্ডু ও উজ্জ্বল বাড়ৈ একটি মোটরসাইকেলে গোপালগঞ্জের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে টেকেরহাটগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান অচিন্ত্য কুন্ডু, আর গুরুতর আহত হন উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল ব্যাপারী।
খবর পেয়ে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফয়সাল ব্যাপারীকে ঢাকায় পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়। একই সময় চিকিৎসাধীন অবস্থায় রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান উজ্জ্বল বাড়ৈও।
এসআই শামীম আল মামুন আরও জানান, শনিবার তিনটি লাশের ময়নাতদন্ত শেষে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন