হবিগঞ্জে ডাকবাহী গাড়ি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকবাহী গাড়ির সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ডাকবাহী গাড়ির চালক ও দুই মেইল গার্ড রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নয়াপাড়া কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন ডাকবাহী গাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও আবুল কালাম আজাদ (৫৫)। গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল।
নিহত জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। তবে মজনু মিয়ার বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁদের মৃত ঘোষণা করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মতামত দিন