Views Bangladesh Logo

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আসাদুল্লাহ (২৬) নামের এক যুবকের পরিচয় পাওয়া গেছে। বাকী দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আহতরা হলেন অটোরিকশাচালক শাকিল (৩৫) এবং দুই যাত্রী খোকন মিয়া (২২) ও আসাদুল ইসলাম (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে কালিয়াকৈর বাজার থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি মাওনার দিকে যাচ্ছিল। পথে কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ