Views Bangladesh Logo

লালমনিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকচাপায় যাত্রীবাহী একটি অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী লালমনিরহাট মহাসড়কে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন মোস্তাকীন। তবে বাকীদের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তারা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে অটোরিকশাটি ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি পাশের দোকানে প্রবেশ করে ও অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং আহত হন আরও আটজন যাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাটগ্রাম ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকী দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ