Views Bangladesh Logo

ময়মনসিংহে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

মৃতদের পরিচয় জানাতে না পারলেও পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহত পুরুষের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। আর দুই নারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপো থেকে হঠাৎ বের হওয়া একটি ট্রাক সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন পুরুষের মৃত্যু হয়। এতে অটোরিকশাচালকসহ আরও তিন নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই খালিদ জানান, ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুই নারীর মরদেহ রাখা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ