ফরিদপুরে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের এনায়েত মোল্লার ছেলে চয়ন মোল্লা (২০), একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন চা খাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দ শুনে সড়কের দিকে তাকালে তারা বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ দেখতে পান। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন যুবক সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
ভাঙ্গা জরুরি বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন এবং দুইজন গুরুতর আহত হন। পরে আহত দুজনেরও মৃত্যু হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, অজ্ঞাত একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন