Views Bangladesh Logo

ফেনীতে কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, চালক-হেলপারসহ নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় ইউনিক পরিবহনের বাস ও কাভার্ডভ্যানের চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফাজিলপুর হাইওয়ে থানার পুলিশ জানায়, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। পরে সেটিকে একটি লং ভেহিক্যালের সঙ্গে বেঁধে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসটির চালক ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই আবু নোমান জানান, দুর্ঘটনায় আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান, ইউনিক পরিবহনের বাস ও লং ভেহিক্যালসহ তিনটি গাড়ি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ