পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
পাবনার সদর উপজেলার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও মরদেহবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিক (৬৫), তাঁর স্ত্রী বুলু খাতুন (৫৫) এবং অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন (৩৫)। রাজ হোসেন পাবনা পৌরসভার উত্তর শালগাড়িয়া এলাকার বাসিন্দা।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, কিডনি রোগে মারা যাওয়া এক শিশুর মরদেহ রাজশাহী থেকে অ্যাম্বুলেন্সে করে পাবনার সাঁথিয়ায় নিয়ে আসছিলেন স্বজনরা। পথে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন ও শিশুটির নানি বুলু খাতুন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ছলিম প্রামাণিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন