Views Bangladesh Logo

রাজশাহীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ৪০

 VB  Desk

ভিবি ডেস্ক

জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতে যাবার সময় রাজশাহীতে একটি ট্রাকের সঙ্গে দুইটি বাসের সংঘর্ষে একটি বাস রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে। এ ঘটনায় তিনজন নিহত হন। আহত হন আরও ৪০ জন।

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর খড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের ঘোড়া পাখিয়া গ্রামের জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে বাস দুটি যাবার সময় একটি ড্রাম ট্রাকের সঙ্গে সামনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটি পিছনের বাসে ধাক্কা খায়। এতে ওই বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে গিয়ে আগুন লেগে যায়। পরে দ্রুত যাত্রীরা নেমে গিয়ে আগুন নিভিয়ে ফেলে এবং খাদে পড়া বাসের যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণো করেন। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে রাজশাহী মহানগর জামায়াতের সাবেক সংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুইটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী, আলী আহসান মুজাহিদ ও কাদের মোল্লার কবর জিয়ারত করতে তারা যাচ্ছিলেন।

এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ