টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০
টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন।
মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহত ও আহত সবাই দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বোরহান আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। সংঘর্ষের পরই দুই নারী ও এক শিশু ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বালুভর্তি ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে আটজন চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতামত দিন