টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত ৩ জনকে উদ্ধার
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি এলাকায় র্যাবের সাঁড়াশি অভিযানে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শুক্রবার (১৭) সকালে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ১০ এপ্রিল দুপুরে রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা তিনজনকে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় ডেকে নেয়। পরে তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার করাচি পাড়ার দুর্গম পাহাড়ে নিয়ে জিম্মি করা হয়। সেখানে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার ১২ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে বিষয়টি র্যাবকে জানানো হলে অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান শুরু করে বাহিনীটি।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের করাচি পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকা ও হ্নীলা বাজারে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভুক্তভোগীদের ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, জাকির আহাম্মদ (৪২), নুর হোসেন (২২) ও আয়াত উল্যাহ (২২)। তাদের সবার বাড়ি কক্সবাজার সদর উপজেলার লিংক রোড দক্ষিণ মুহুরীপাড়া এলাকায়।
সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অপহরণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে