যশোরে পাম্পে সিরিয়াল নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩
যশোরের চৌগাছা উপজেলায় জ্বালানি তেল নেওয়ার সময় সিরিয়াল দেওয়া নিয়ে বিরোধের জেরে যুবদল ও ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১টার দিকে চৌগাছা পৌরসভাস্থ আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরিয়াল দেওয়া নিয়ে চৌগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বাবুর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে আহতরা হলেন শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩)। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসকরা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে