র্যাবের টিএফআই সেল পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের তিন বিচারক
রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, বহুল আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারক। তাদের সঙ্গে প্রসিকিউশন টিম এবং আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের প্রতিনিধিদল র্যাব-১ সদর দপ্তরে পৌঁছে কথিত গোপন বন্দিশালাটি পরিদর্শন করেন।
পরিদর্শনকারী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন।
এর আগে গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই আবেদনে র্যাব, ডিজিএফআই এবং ডিবির কথিত গোপন বন্দিশালাগুলো পরিদর্শনের অনুমতিও চাওয়া হয়েছিল।
প্রসিকিউশনের আবেদনে দাবি করা হয়, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মতাদর্শের ব্যক্তিদের এসব স্থানে গোপনে আটকে রেখে নির্যাতন ও গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব অভিযোগের তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই ট্রাইব্যুনালের এ পরিদর্শন অনুষ্ঠিত হলো।
ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিদর্শনে পাওয়া তথ্য ও পর্যবেক্ষণ চলমান তদন্ত ও বিচারিক কার্যক্রমে বিবেচনায় নেওয়া হবে।
মতামত দিন