স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, শরীয়তপুরে আটক ৩
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক গৃহবধূকে তার স্বামীকে বেঁধে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- আচুরা এলাকার রাব্বি ব্যাপারী (২৮), হজরত আলী খন্দকার (৪২) এবং ইমন খন্দকার (২৬)।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে হজরত আলী খন্দকার ভুক্তভোগীর স্বামী রাজিব আহাম্মেদ খানকে ডেকে নেন। সেখানে যাওয়ার পর তাকে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। পরে ভুক্তভোগীকে ফোন করে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। সেখানে দুজন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় তার স্বামীকে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়। পরে অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত হজরত আলী খন্দকারের স্ত্রীর সঙ্গে ভুক্তভোগীর স্বামীর কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তবে এটি তদন্তাধীন বিষয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, অভিযোগের ভিত্তিতে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজন এবং সহযোগিতার অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন