Views Bangladesh Logo

প্রতিমন্ত্রীর নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত

মৃত প্রবাসী কর্মীর পরিবারের আর্থিক অনুদান পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়া এবং ঋণ দেওয়ার কথা বলে অর্থ নেয়ার অভিযোগে তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে দুইজন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এবং একজন প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মচারী।

শনিবার (২৩ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হকের নির্দেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পৃথক অফিস আদেশের মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন— ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী মো. শফি উদ্দিন ও অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম।

মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী কর্মী মো. কাইয়ুমের পরিবারের জন্য আর্থিক অনুদান অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার নামে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে নগদ অর্থ নেন শফি উদ্দিন ও পলাশ চন্দ্র রায়। অন্যদিকে, প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মচারী শামিম ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, বেসরকারি টেলিভিশন চ্যানেল 'নিউজ টোয়েন্টিফোর'-এর সাংবাদিক সাজ্জাদ হোসাইন এবং ভুক্তভোগী পরিবার ভিডিওসহ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ নিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে হাজির হন। এরপর প্রতিমন্ত্রী তাৎক্ষণিক ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অভিযোগকারীদের সঙ্গে নিয়ে অভিযুক্তদের দপ্তরে যান এবং ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত কর্মচারীদের এই আচরণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, যা শৃঙ্খলাভঙ্গের শামিল। ফলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে তারা প্রচলিত নিয়ম অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের সেবায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। দেশে ও বিদেশে embassy (দূতাবাস) পর্যায়েও প্রবাসীদের সেবায় গাফিলতি বা অনিয়ম সহ্য করা হবে না।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ