শ্রীপুরে ভোট দিতে গিয়ে জানলেন দেওয়া হয়ে গেছে, ৩ জন প্রত্যাহার
গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের অংশ) আসনের একটি ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা এক নারী ভোটার জানেন যে তার ভোট ইতোমধ্যেই প্রদান করা হয়ে গেছে। এ ঘটনায় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ তিনজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।
ঘটনা ঘটে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে। দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যাহার হওয়া তিনজন হলেন—হারেছা খাতুন (সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, গিলাশ্বর বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক), মাসুম খান (পোলিং এজেন্ট, কর্মস্থল অজানা) এবং সালমা আক্তার (পোলিং এজেন্ট, দক্ষিণ ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক)।
প্রত্যক্ষদর্শী ও কেন্দ্র সূত্রে জানা যায়, লাকী বেগম নামে ভোটারটি সকালে লাইনে দাঁড়িয়ে প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর ভোটকক্ষে গিয়ে দেখেন তার ভোট আগে থেকেই দেওয়া হয়েছে। বিষয়টি কেন্দ্রের কর্মকর্তাদের জানানোর পর তিনজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কীভাবে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করা হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে ওই ভোটারের টেন্ডার ভোট গ্রহণ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে