ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১ জন
গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, মোট ১৩২ জন। এরপর ঢাকা বিভাগের বাইরে ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮ জন, চট্টগ্রামে ৩০ জন, খুলনায় ১৮ জন এবং ময়মনসিংহে ৩ জন ভর্তি হয়েছেন।
একই সময়ে সারা দেশে ২৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৬৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ১২০ জন। মৃত্যু হয়েছে ৭৩ জনের।
২০২৪ সালে (১ জানুয়ারি–৩১ ডিসেম্বর) দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল রেকর্ড ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে