আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে মিলল স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ
ঢাকার সাভারের আশুলিয়া থেকে একটি বন্ধ ঘরের তালা ভেঙে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার জিরাবো এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন একটি ভাড়া বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, অগাস্ট মাসের ৯ তারিখে তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে কক্ষটি ভাড়া নিয়েছিল। প্রতিবেশীরা জানিয়েছে ঘরটির দরজা-জানালা সবসময় বন্ধ থাকত।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে ওই কক্ষটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে । ওই সময় ওই পুরুষের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।
জানা গেছে, খবর পেয়ে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
এ প্রসঙ্গে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন জানান, মরদেহের চরম অবনতি ও পচন দেখে ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
মতামত দিন